অসমের রায়মনা অভয়ারণ্য থেকে বহু কাঠ খড় পুড়িয়ে ফেরত আনার মাত্র এক সপ্তাহের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় বক্সার টাইগার রিজার্ভ থেকে ফের পালিয়ে গেল বাঘিনী ডুয়ার্স রানী। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবারই অসমের রায়মোনা টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকা থেকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে আলিপুরদুয়ারের বক্সার এনক্লোজারে ফিরিয়ে আনা হয়েছিল ৩ বছরের ওই বাঘিনিকে। কিন্তু এর ঠিক পাঁচ দিনের মাথায় রবিবার দুপুরে ফের উধাও হয়ে যায় সে।
হিন্দি ছবি ‘শোলে’ সিনেমার জেলের সুড়ঙ্গ খোঁড়ার কাহিনীর সঙ্গে যেন মিলে গেল বাস্তবের চিত্র! বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা এবং অসমে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি পুনরুদ্ধার করা সেই বাঘিনি ফের বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে চম্পট দিল। তাও আবার মাত্র পাঁচ দিনের ব্যবধানে! গুচ্ছ সিসিটিভি ক্যামেরা ও বনকর্মীদের কড়া নজরদারি ফাঁকি দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে বাঘিনীর এই পলায়নকাণ্ডে রীতিমতো স্তম্ভিত ও দিশাহারা বন দপ্তর।
ঘটনার সূত্রপাত ২৭ সেপ্টেম্বর। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে তিন বছর বয়সি বাঘিনিকে কাবু করা হয়। এরপর নিয়ে আসা হয় বক্সারে। উত্তরবঙ্গে বাঘের সংখ্যা বৃদ্ধি এবং বক্সার জঙ্গলে বাঘের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর বক্সা টাইগার রিজার্ভের ২৫ মাইল এলাকায় প্রায় সাত বিঘা জমির উপর তৈরি বিশেষ এনক্লোজারে তাকে রাখা হয়। কিন্তু, ৪ অক্টোবর সেখান থেকে পালিয়ে যায় বাঘিনি। সংকোশ নদী পেরিয়ে পৌঁছে যায় অসমের রাইমোনা বনাঞ্চলে।
বনকর্তাদের জোরালো অনুমান, এনক্লোজারের চারপাশে থাকা কংক্রিটের প্রায় দু'ফুট চওড়া এবং প্রায় চার ফুট গভীর দেওয়ালের নীচের মাটি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের পায়ের নখ দিয়ে খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করেছিল সে। অন্য কোনো বাঘের এভাবে এনক্লোজার ভেদ করে পালিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এনক্লোজারে জল বা শিকারের কোনো অভাব না থাকা সত্ত্বেও তার এই পলায়ন সবাইকে হতবাক করেছে। রবিবার বেলা দেড়টার পর থেকে ২৫ মাইল টাওয়ার সংলগ্ন প্রাকৃতিক ঘেরাটোপ থেকে ক্রমশ পূর্ব দিকে এগোতে শুরু করে বাঘিনিটি। সে ইতিমধ্যে বালা নদী ও ২৭ মাইল বস্তি পার করেছে। বনকর্তাদের প্রাথমিক ধারণা, অসমে থাকাকালীন অন্য কোনো বাঘের সঙ্গে তার সখ্য গড়ে উঠেছিল এবং সেই বাঘের সেন্ট মার্ক বা গন্ধের টানেই সে ফের অসমমুখী হয়েছে। বাঘিনীর গতিবিধি ট্র্যাক করতে তার গলায় হাই-ফ্রিকোয়েন্সি রেডিয়ো কলার লাগানো ছিল। এর সঙ্কেত ধরে ৬০ জন প্রশিক্ষিত বনকর্মী এবং তিনটি কুনকি হাতি, ভরত, সারথি ও ভিট্টালাকে নামানো হয়। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৭ মাইল বনবস্তির পর আর তার কোনো হদিশ মিলছে না। বন দপ্তরের অনুমান, বাঘিনিটি সম্ভবত কোনো 'শ্যাডো জোন'-এ চলে যাওয়ার কারণে গ্রাউন্ড ট্র্যাকিং ও উপগ্রহ নিয়ন্ত্রিত রেডিয়ো কলারের প্রযুক্তি কাজ করছে না।
রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ জানিয়েছেন, বাঘিনী বর্তমানে একটি নির্দিষ্ট পথ ধরে চলেছে। যে এলাকায় তাকে ছাড়া হয়েছিল, সেখান থেকে এখনও পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যেই রয়েছে সে। তবে উদ্বেগের বিষয়, এই পথ ধরেই এর আগে অসমে চলে গিয়েছিল বাঘিনী। বনমন্ত্রী বলেন, 'এনটিসিএ-র অনুমতি নিয়ে আমরা কাজ করছি। চেষ্টা করব, বাঘিনী যাতে সংকোষ নদী পেরিয়ে না যায়। তবে খুব বেশি আর আটকে রাখার বিষয় নেই। বাঘিনী একটি নির্দিষ্ট পথে চলছে। এবার তাকে ফিরিয়ে আনার জন্য আর ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা হবে না।' বনমন্ত্রীর এই বক্তব্য থেকেই বাঘিনীর ফের অসমের জঙ্গলমুখী হওয়ার সম্ভাবনা সামনে এসেছে। যদিও বাঘিনী শেষ পর্যন্ত সংকোষ নদী পেরিয়ে অসমে প্রবেশ করবে কি না, তা এখনও নিশ্চিত নয়।