সোমবার, ২ নভেম্বর ২০২৬ • ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ • দুপুর ২:৩৮
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
বিজনেস

Ruby Hospital : মহিলাদের স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ রুবি হাসপাতালের

স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ, মহিলাদের পাশে দাঁড়াতে অভিনব কর্মসূচি রুবি হাসপাতালের

Ruby Hospital : মহিলাদের স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ রুবি হাসপাতালের
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

বিশ্বে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে স্তন ক্যান্সার আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বগামী বলে জানাচ্ছে সমীক্ষা। সম্প্রতি ‘ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু)’-এর একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্ট জানাচ্ছে, বিশ্বের প্রতি ২০ জন মহিলার মধ্যে ১ জন স্তন ক্যানসারে ভুগছেন। এই রিপোর্ট স্বাভাবিক ভাবেই অত্যন্ত উদ্বেগের। ‘হু’-এর রিপোর্ট আরও বলছে, আগামী ২৫ বছরের মধ্যে অর্থাৎ, ২০৫০ সাল নাগাদ ব্রেস্ট ক্যানসারে আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ লক্ষ ছাড়িয়ে যাবে এবং স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পেরোবে ১১ লক্ষ। সমীক্ষা জানাচ্ছে, স্তন ক্যানসারে আক্রান্তের নিরিখে ভারতের স্থান চিন এবং আমেরিকার পরেই। ভারতে প্রতি ২৮ জন মহিলার মধ্যে ১ জন ক্যান্সারে আক্রান্ত হন। শহরাঞ্চলের ক্ষেত্রে এই হিসাব হলো, প্রতি ২২ জনের মধ্যে ১ জন। যে গতিতে ব্রেস্ট ক্যানসার ছড়িয়ে পড়ছে, তাতে সাবধান না হলে ঘরে ঘরে এর প্রকোপ বেড়ে যেতে পারে বলে আশঙ্কায় চিকিৎসকেরা। এরকম ভয়াবহ পরিস্থিতিতে বাংলা তথা কলকাতার মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করল কলকাতার রুবি হাসপাতাল কর্তৃপক্ষ। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করল রুবি জেনারেল হাসপাতাল। এতে অংশ নেন সাড়ে তিনশোরও বেশি মানুষ। এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল স্তন ক্যানসার রোধে নিয়মিত পরীক্ষা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। স্তন ক্যান্সার মেয়ে সচেতনতা বাড়াতে অভিনব এই পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্যানসার জয়ী ১৫ জন লড়াকু মানুষ ও তাঁদের পরিবার। পাশাপাশি, হাসপাতালের চিকিৎসক, নার্সিং পড়ুয়া এবং বিশিষ্ট চিকিৎসকরাও এই পদযাত্রায় পা মেলান। সমাজে সচেতনতার আলো ছড়াতে উপস্থিত ছিলেন শহরের একাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা। উল্লেখযোগ্য মুখগুলির মধ্যে ছিলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, চন্দন সেন, অরিজিৎ দত্ত, নন্দিনী চট্টোপাধ্যায়, ভিকি নন্দী, শ্রী ভট্টাচার্য, অর্জুন ঘোষ, শুভ্রজিৎ দত্ত, অরিন্দম গঙ্গোপাধ্যায়, সৈকত মিত্র, সৌমিত্র তলাপাত্র, সত্ৰাজিৎ সেন, অভিমন্যু মুখোপাধ্যায়, অঞ্জন প্রসাদ মজুমদার, অধ্যাপক অমিতা দত্ত এবং অনিলাভ চট্টোপাধ্যায়। এছাড়া এই মহতী উদ্যোগে সামিল হন বিশিষ্ট ক্রীড়াকর্তা ও তারকারা।

📷 ছবির গ্যালারি

১টি ছবি — বড় করে দেখতে ক্লিক করুন
👁 এই সংবাদটি পড়েছেন ০ জন পাঠক