রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ • ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • সকাল ৮:০৯
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
ভারত

Mamata Banerjee : মমতাকে ফোন রাহুল গান্ধীর, জরুরি ভিত্তিতে দিল্লি ছুটলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় : মমতাকে ফোন রাহুল গান্ধীর, জরুরি রাজনৈতিক আলোচনায় দিল্লির পথে তৃণমূল নেত্রী

Mamata Banerjee : মমতাকে ফোন রাহুল গান্ধীর, জরুরি ভিত্তিতে দিল্লি ছুটলেন মমতা
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

সুমন তরফদার।‌ কলকাতা সারাদিন।

সংসদের বিশেষ অধিবেশন ঘিরে তৈরি হওয়া টানটান উত্তেজনার মধ্যেই তড়িঘড়ি দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজেই এই সফরের কথা জানান। মমতার অভিযোগ, তাঁর দলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে। আর সেই কারণেই পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন।

আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদের তিনদিনের বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে মরিয়া এনডিএ সরকার। এই পরিস্থিতিতে সব রাজনৈতিক শিবিরই নিজেদের মতো করে অঙ্ক কষতে শুরু করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া ২০ জন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা ৮ জন—সব মিলিয়ে মোট ২৮ জনকেই নিজেদের শক্তি হিসেবে গণ্য করছে কালীঘাট শিবির।

এরই মধ্যে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দলের সমস্ত লোকসভা সাংসদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। তাতে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত দলীয় লাইন মেনে ও তাকে সমর্থন জানাতে সমস্ত সাংসদকে লোকসভায় বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে; কোনও কারণেই অনুপস্থিতি মেনে নেওয়া হবে না। এই গুরুত্বপূর্ণ আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কালীঘাটের বাড়ি থেকে বেরনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখন আমি এলাকা ছেড়ে যেতে চাইনি৷ কিন্তু যেতে বাধ্য হচ্ছি৷ কারণ ওরা বার বার করে আমাকে ফোন করছে৷ সিনিয়র নেতারা আমাকে বার বার ফোন করছেন৷ আমার যাওয়ার জন্য চার্টার্ড বিমানেরও ব্যবস্থা করা হয়েছিল৷ কিন্তু আমি এয়ার ইন্ডিয়ার বিমানেই যাচ্ছি৷ এখন এর থেকে বেশি কিছু বলতে পারছি না৷ কী বিষয়ে জরুরি বৈঠক ডাকা হল, দিল্লি গিয়ে বৈঠকের কারণ জানতে পারব৷’