শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • রাত ১:৪৪
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
রাজনীতি

Abhishek Banerjee : হাইকোর্টে বড় স্বস্তি অভিষেকের, আমতলার দলীয় দফতর ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

Abhishek Banerjee: হাইকোর্টে বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! আমতলার তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল আদালত

Abhishek Banerjee : হাইকোর্টে বড় স্বস্তি অভিষেকের, আমতলার দলীয় দফতর ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

কলকাতা হাইকোর্টে বড়ো স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার দলীয় দফতর ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় (চণ্ডীপুর মোড় সংলগ্ন এলাকায়) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি দলীয় ও সাংসদ কার্যালয় রয়েছে। এই দফতরটির বৈধতা নিয়ে বেশ কয়েকদিন ধরেই মামলা চলছে। আমতলায় অভিষেকের দফতর অবৈধ ভাবে তৈরি হয়েছে বলে গত ১৭ মে অভিযোগ দায়ের করেছিলেন সুশান্ত মণ্ডল নামের এক ব্যক্তি। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন পদক্ষেপ করে। ১৮ জুলাই অভিষেকের সেই দফতরের একটি অংশ ভেঙে ফেলা হয়। পরের দিন ফের ভাঙার কাজ শুরু হয়। ১৬ অগস্ট ছুটির দিনেও এজলাস বসিয়ে তার উপর স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাই কোর্ট।

২০ অগস্ট বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের তরফে আইনজীবী কিশোর দত্ত এই মামলায় সওয়াল করেছিলেন। তিনি জানান, ৫০৯ এবং ৫১২ নম্বর দাগের জমির উপর অবৈধ নির্মাণের অভিযোগ তোলা হয়েছে। কিন্তু ভাঙা হয়েছে ৫০৭ নম্বর দাগের জমি, যা তাঁর মক্কেলের দফতর। এর জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানিয়েছিলেন আইনজীবী কিশোর দত্ত। অন্য দিকে, রাজ্য সরকারের তরফে এই মামলার শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তিনি কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন। জানিয়েছিলেন, এই মামলার শুনানির জন্য রাজ্যকে পর্যাপ্ত সময় দেওয়া হোক। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ঘোষ স্থগিতাদেশের মেয়াদ বা়ড়িয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আমতলায় অভিষেকের দফতর ভাঙার উপর স্থগিতাদেশ বহাল থাকবে। বৃহস্পতিবারের শুনানিতে কলকাতা হাই কোর্ট ওই দলীয় দফতর ভাঙার উপর আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছে। অর্থাৎ, ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রশাসন ওই ভবনে আর কোনও ভাঙচুর চালানো যাবে না।