বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • সন্ধ্যা ৭:৫৮
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
রাজনীতি

KMC vote : "নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না" পর্যবেক্ষণ করে কলকাতা পুরভোটের উপরে স্থগিতাদেশ বহাল রেখেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ফেরালো সুপ্রিম কোর্ট

কলকাতা পুরভোট মামলা: নির্বাচন অনির্দিষ্টকাল বন্ধ রাখা উচিত নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের! স্থগিতাদেশ বহাল রেখেই মামলা ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

KMC vote : "নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না" পর্যবেক্ষণ করে কলকাতা পুরভোটের উপরে স্থগিতাদেশ বহাল রেখেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ফেরালো সুপ্রিম কোর্ট
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

"নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না।" কলকাতার পুর নির্বাচন নিয়ে তৈরি হওয়া জটিলতার মামলায় এমন পর্যবেক্ষণ জানিয়ে কলকাতা পৌরসভার আসন পুনর্বিন্যাসের মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই একের পর এক তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ এবং তারপরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের জেরে কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন কলকাতার ওয়ার্ড সংখ্যা আগেকার ১৪৪ থেকে বাড়িয়ে করা হবে ২০৯। কিন্তু এই আসন পুনর্বিন্যাস কোন অংকের নিরিখে করা হয়েছে তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছিল।

১৪৪ থেকে বাড়িয়ে কলকাতা পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ২০৯ কীভাবে করা হল, সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিএম-এর প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। তাঁর অভিযোগ, এই আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া মানা হয়নি। জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হয়নি, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই ওয়ার্ড পুনর্বিন্যাস হয়। তবে এই মামলায় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ কোনও স্থগিতাদেশ দেয়নি। যার ফলে পুরভোট নির্বাচনের ক্ষেত্রে কোনও বাধা ছিল না। সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ায় ডিভিশন বেঞ্চে আবেদন করেন মামলাকারী। এরপর গত ৬ নভেম্বর ভোটের নির্ঘণ্ট ঘোষণার উপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ায় আপাতত বর্ধিত আসনে পুরভোট ঘোষণা করা যাবে না। ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। ডিভিশন বেঞ্চ ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ জারি করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার।

১৩ নভেম্বরের পর কলকাতার ২০৯ ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে বলেও স্পষ্ট করে দেন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব মামলাটি করেন।

গত সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, যে পুরবোর্ডের অস্তিত্বই নেই, পৌর প্রশাসক কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারে? এর উত্তর যদিও দিতে পারেননি সলিসিটর জেনারেল তুষার মেহতা। মামলার শুনানি স্থগিত চেয়েছিলেন তিনি।

মামলার শুনানির দ্বিতীয় দিনে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী প্রস্তাব করেন, এই মামলা ফেরত পাঠানো উচিত কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চে। তবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট নিজের পর্যবেক্ষণে জানিয়েছে বিনা কারণে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখাও বিচার ব্যবস্থার অভিপ্রায় নয়।