বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ • রাত ১০:১৯
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
বাংলার রাজনীতি

Bulldozer Abhishek : অভিষেকের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন! ফুটপাথ দখলমুক্ত করতে ভাঙা হল অস্থায়ী ছাউনি, খুলল লোহার গেট

অভিষেকের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন! ফুটপাত দখলমুক্ত করতে ভাঙা হল অস্থায়ী ছাউনি, খুলে ফেলা হল লোহার গেট

Bulldozer Abhishek : অভিষেকের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন! ফুটপাথ দখলমুক্ত করতে ভাঙা হল অস্থায়ী ছাউনি, খুলল লোহার গেট
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

ফলতায় পুষ্পার বাড়িতে বুলডোজার চালানোর ২৪ ঘন্টার মধ্যেই বুলডোজার অ্যাকশন এবার কালীঘাটেও। সাতসকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার নিয়ে হাজির পুরসভা ও পুলিশ আধিকারিকরা।

বৃহস্পতিবার সকালে ফুটপাথ দখল করে তৈরি হওয়া অস্থায়ী বাঁশের কাঠামো ভেঙে ফেলা হয়। সরিয়ে দেওয়া হয় বাড়ির সামনে তৈরি লোহার গেট এবং পুলিশ কিয়স্কও। অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সকাল থেকেই কালীঘাট রোড সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও।

গত বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাথ দখল করে অস্থায়ী কাঠামো ও গেট তৈরির অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই ছাউনি ও গেটের কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকায় বিতর্কও তৈরি হয়। বুধবার সন্ধ্যায় সাংসদের বাড়িতে পৌঁছয় পুলিশ।

বুলডোজার অভিযানের আশঙ্কায় আগেভাগেই অস্থায়ী ছাউনি খুলে ফেলার কাজ শুরু করেন তাঁর অনুগামীরা। তবে সেই কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বৃহস্পতিবার সকালে পুরসভা ও পুলিশের আধিকারিকরা বুলডোজার নিয়ে হাজির হন। এরপর বাঁশের কাঠামো ভেঙে ফেলা হয়। গ্যাস কাটার দিয়ে কেটে সরানো হয় ফুটপাথ আটকে থাকা লোহার গেটও।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কালীঘাটের বাড়ির সামনে অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদও। শনিবার সকালেও সেই উত্তেজনার রেশ বজায় ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দারা ফুটপাথের উপর তৈরি ছাউনি ও গেট নিয়ে আপত্তি জানান।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ও পিছনের রাস্তায় মোতায়েন রয়েছে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। ভাঙা হয়েছে অভিষেকের বাড়ির সামনে লাগানো শেড এবং বাঁশের অস্থায়ী কাঠামো। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ফুটপাতের ওপর বসানো ছিল একটি বিশাল কালো গেট। এদিন সকাল থেকে গ্যাসকাটার দিয়ে কাটা হয়েছে এই গেটটিও। অভিযোগ ফুটপাতের ওপর গেট এবং বাঁশের অস্থায়ী কাঠামো থাকার ফলে যাতায়াতে অসুবিধা হচ্ছিল সাধারণ মানুষের। অস্থায়ী বাঁশের কাঠামো থেকে শুরু করে লোহার কালো গেট, সমস্ত কিছুই সরানো হয়েছে।

আর এবার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, 'যত বুলডোজারই পাঠানো হোক না কেন, কোনও বুলডোজারই আমায় চুপ করাতে পারবে না। বাংলা বিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যাব। শেষ নিশ্বাস পর্যন্ত একচুলও পিছু হঠব না।'

এর আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন নিয়ে রণক্ষেত্র হয়েছিল কালীঘাট। সেই সময়ও একেবারে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন সকালে যখন তাঁর বাড়ির সামনের ফুটপাতের গেট ভাঙা হচ্ছে বা বাঁশের অস্থায়ী কাঠামো ভাঙা হচ্ছে, সেদিন পথে দেখা যায়নি তাঁকে। তবে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন তিনি।