বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • সন্ধ্যা ৭:৫৮
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
ফিচার্ড

Jungle Mahal Sanctuary: পশ্চিমবঙ্গে নতুন অভয়ারণ্য, পুরুলিয়া-ঝাড়গ্রাম-ঝালদার জঙ্গলমহলে গড়ে উঠছে নতুন বনাঞ্চল সংরক্ষণ কেন্দ্র

Jungle Mahal Sanctuary : সুন্দরবন ও বক্সা টাইগার রিজার্ভের পর পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে নতুন অভয়ারণ্য, পুরুলিয়া ঝাড়গ্রাম ঝালদার জঙ্গলমহলে তৈরি হচ্ছে নতুন অভয়ারণ্য

Jungle Mahal Sanctuary: পশ্চিমবঙ্গে নতুন অভয়ারণ্য, পুরুলিয়া-ঝাড়গ্রাম-ঝালদার জঙ্গলমহলে গড়ে উঠছে নতুন বনাঞ্চল সংরক্ষণ কেন্দ্র
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

দক্ষিণে সুন্দরবন আর উত্তরে বক্সা টাইগার রিজার্ভের পর পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘকাল পরে তৈরি হতে চলেছে নতুন ব্যাঘ্র অভয়ারণ্য। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ে তৈরি জঙ্গলমহলে কয়েক মাসের মধ্যেই তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের তৃতীয় অভয়ারণ্য। আজ রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও, বন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি এবং বনদপ্তরের শীর্ষ স্তরের আধিকারিকরা পুরুলিয়ার বিস্তীর্ণ জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় পরিদর্শন করার পরে নিশ্চিত হয়ে গিয়েছে এই অভয়ারণ্য তৈরীর বিষয়টি।

বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও জানিয়ে দিলেন, আগামী দু-তিন মাসের মধ্যেই জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য তৈরি হয়ে যাবে বলে আশা প্রকাশ করছি। আগামী বছরের শীতেই পশ্চিমবঙ্গ সহ দেশ-বিদেশের পর্যটকরাও জঙ্গলমহলের অভয়ারণ্যে ঘুরতে আসতে পারবেন। প্রসঙ্গত দুর্গাপুজোর আগে গত সেপ্টেম্বরে কুর্মী সম্প্রদায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে করম পূজার অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে অভয়ারণ্য তৈরীর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে পুরুলিয়ার ছররা বিমানবন্দর চালু করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে উড়ান প্রকল্পে মৌ চুক্তি স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার।

কোথায় হবে নতুন অভয়ারণ্য

পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জঙ্গলমহলে পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু বিট এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটকে ঘিরে ৩৬০৯.৪০ হেক্টরের ২১ মৌজা জুড়ে প্রস্তাবিত এই অভয়ারণ্য বিস্তৃত হবে। মানুষ ও বন্যপ্রাণের সহাবস্থান হবে যার মূল বৈশিষ্ট্য। সাধারণভাবে অভয়ারণ্য গড়তে গেলে সংশ্লিষ্ট বনাঞ্চলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক গ্রামকে স্থানান্তর করতে হয়। কিন্তু এই প্রকল্পে কাউকেই ভিটেমাটি ছাড়তে হচ্ছে না বলেই জানা গিয়েছে বনদপ্তর সূত্রে। গভীর জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখানে সাধারণ মানুষের যাতায়াত কার্যত নেই বললেই চলে। হাতি, চিতাবাঘ, ভাল্লুক-সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণের অবাধ বিচরণ রয়েছে এই বনাঞ্চলে। বন্যপ্রাণের উপস্থিতির প্রমাণও মিলেছে একাধিকবার। বনদপ্তরের বসানো ট্র্যাপ ক্যামেরায় ইতিমধ্যেই চিতাবাঘের ছবি ধরা পড়েছে একাধিকবার। গত অক্টোবরের শেষের দিকে কলমা বিটের কিরিবেড়া থেকে কলমা যাওয়ার রাস্তায় বনকর্মীদের সামনেও বন্যপ্রাণের দেখা মেলে। পুরুলিয়া বনবিভাগের তথ্য অনুযায়ী, ঝাড়খণ্ডের জঙ্গলের সঙ্গে জুড়ে যাওয়া ওই বনাঞ্চলে আনুমানিক পূর্ণবয়স্ক স্ত্রী পুরুষ মিলিয়ে ৬ চিতাবাঘ ও ৩ শাবক রয়েছে। এছাড়া স্লথ বিয়ার রয়েছে কমবেশি ১০ টি। পৃথিবীর সবচেয়ে সাহসী প্রাণী বলে পরিচিত বিরল প্রজাতির হানি ব্যাজার রয়েছে প্রায় ৫০ টি। সেইসঙ্গে মরীচিকা বিড়ালের ১০ আবাসস্থল চিহ্নিত করা গিয়েছে। তারা সাধারণত নিরাপদ জঙ্গলের মধ্যে একসঙ্গে থাকতে ভালোবাসে। এছাড়া প্যাঙ্গোলিন, হায়না, বার্কিং ডিয়ার, সজারু, বন্য শূকর তো রয়েইছে। এই বিপুল প্রাকৃতিক সম্পদকে সরকারি নিরাপত্তার মোড়কে অভয়ারণ্যের রূপ দিতে মরিয়া বর্তমান রাজ্য সরকার।

সাইলেন্ট টাইগার করিডোর

ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত ওই বনাঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগারের সাইলেন্ট করিডোর বা নিঃশব্দ বিচরণ ক্ষেত্র। পায়ের ছাপ থেকে মূত্র, গাছে নখের আঁচড়ের একাধিক প্রমাণ পেয়েছে পুরুলিয়া বন বিভাগ। এছাড়াও 2018 সাল থেকে বারে বারে ভিন রাজ্যের অভয়ারণ্য থেকে রয়্যাল বেঙ্গল টাইগার পালিয়ে এসে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে এই টাইগার ট্রেইল ধরেই বারেবারে যাতায়াত করেছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। গত বছর ২০২৫ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ছত্তিসগড়ের পালামৌ জঙ্গল থেকে পূর্ব সিংভূম জেলার নানা গ্রাম-গঞ্জ পেরিয়ে একটি পুরুষ বাঘ একটি পূর্ণবয়স্ক বছর চারেক বয়সের বাঘ এসে বেশ কিছুদিনের জন্য আস্তানা গেড়েছিল দলমা পাহাড়ে। তার বছর খানেক আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে এ রাজ্যের জঙ্গলমহলে ঢুকে পড়েছিল রয়েল বেঙ্গল টাইগার বাঘিনী জিনাত। কয়েক সপ্তাহ ধরে দাপিয়ে বেড়িয়েছিল ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া ও এবার বাঁকুড়ার জঙ্গলমহলে। তাই জঙ্গলমহলের এই এলাকা যে বাঘেদের জন্য অত্যন্ত পছন্দের নিরাপদ টাইগার ট্রেইল হয়ে উঠেছে সেই বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরেই গবেষণা ও সমীক্ষা চালাতে শুরু করেছিল রাজ্যের বনদপ্তর ও এনটিসিএ।

প্রস্তাবিত অভয়ারণ্য পরিদর্শন বনমন্ত্রীর

গত সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জঙ্গলমহলে অভয়ারণ্য তৈরীর আশ্বাস দেওয়ার পরে আজ পুরুলিয়ার ঝালদা ও কোটশিলা বনাঞ্চলের বিস্তীর্ণ জঙ্গলে প্রস্তাবিত অভয়ারণ্যের এলাকা সরেজমিনে ঘুরে দেখলেন রাজ্যের দুই মন্ত্রী। বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও-র সঙ্গে ছিলেন বনদপ্তরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামীও। ছিলেন বনদপ্তরের একাধিক আধিকারিক। প্রস্তাবিত এলাকা ঘুরে দেখে অভয়ারণ্য গড়ার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তাঁরা। পরিদর্শনের শেষে বনমন্ত্রী জানান, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তিনি জঙ্গলমহলের জন্য এত বিশাল একটি যুগান্তকারী প্রকল্পের কথা ভেবেছেন। আজ পরিদর্শনের সময় জেলাশাসক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন বিস্তারিত তথ্য সহ প্রস্তাবিত অভয়ারণ্যের ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট পাঠাবেন বনদপ্তরের কাছে। এই রিপোর্ট পাওয়ার পরেই খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে অভয়ারণ্য তৈরীর কাজ। এর ফলে একদিকে যেমন বন্যপ্রাণ রক্ষা পাবে, ঠিক তেমনভাবেই গোটা রাজ্যের পাশাপাশি জঙ্গলমহলের পর্যটন ও অর্থনীতি সমৃদ্ধ হবে।