"যে নন্দীগ্রাম একদিন আত্মমর্যাদার লড়াই এর জন্য জেগে উঠেছিল সেই নন্দীগ্রামে দলের সংগঠনিক কোন ভুল হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য পর্যালোচনা ও আত্মসমালোচনা প্রয়োজন।" এভাবেই ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামে অপারেশন সূর্যোদয়ের বর্ষপূর্তি উপলক্ষে নন্দীগ্রামের শহীদদের শ্রদ্ধা জানিয়ে দলের মধ্যেই আত্মসমালোচনার দাবি তুললেন মমতা তৃণমূলের বিধায়ক কুনাল ঘোষ।
মমতার নেতৃত্বে তৃণমূল রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার বছরেই নন্দীগ্রামে শহিদ দিবস পালনে তৃণমূলের অনুপস্থিতি এবং শহিদ বেদিতে গেরুয়া রং করার প্রসঙ্গ তুলে দলের ভূমিকা নিয়ে আত্মসমালোচনার দাবি জানালেন তিনি। কুনালের স্পষ্ট বক্তব্য, শুধু ফেসবুকে পোস্ট করে শহিদদের স্মরণ করলে চলবে না। শহিদ বেদিতে গিয়ে মালা দিয়ে শ্রদ্ধা জানানো উচিত ছিল।
তাঁর কথায়, নন্দীগ্রাম আন্দোলনকে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনকে কেন্দ্র করে দলের বহু নেতা-কর্মী পথে নেমেছিলেন। এমনকী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বলে উল্লেখ করেন তিনি। অথচ আজ নন্দীগ্রামের শহিদ বেদিতে গেরুয়া রং দেখা যাচ্ছে। এই পরিস্থিতি কখনওই কাম্য ছিল না বলে মন্তব্য কুণালের।
শুধু তাই নয় নন্দীগ্রামে একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার পরেও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল নন্দীগ্রামে যে সমস্ত নেতা-নেত্রীদের উপরে সাংগঠনিক দায়িত্ব দিয়েছিল তা কতখানি ঠিক ছিল তা নিয়ে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে বলে দাবি তোলেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, "একটা নির্বাচনে হেরে যাওয়ার পরে সেখানে সংগঠন চালানোর দায়িত্ব কাদের উপরে দেওয়া হয়েছিল? পরাজয়ের জন্য আমরা অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলব, বিজেপির বিরুদ্ধে বলবো, কিন্তু তারপরেও দলের মধ্যে আত্মসমালোচনা ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে যে যেখানে জেলা পরিষদে আমাদের বিপুল লিড ছিল তারপরেও নন্দীগ্রামে সংগঠনটা কোথায় গেল?"
কুণালের প্রশ্ন, তৃণমূল কংগ্রেস প্রতি বছর শহিদ দিবস পালন করে। তাহলে নন্দীগ্রামে শহিদ প্রণামে দলের নেতা-কর্মীদের দেখা গেল না কেন? এই বিষয়ে দলের অন্দরে আত্মসমালোচনা প্রয়োজন বলে মনে করেন তিনি। সুযোগ পেলে দলের নেতৃত্বের কাছেও বিষয়টি তুলে ধরবেন বলে জানিয়েছেন কুণাল। তাঁর কথায়, একটা নির্বাচনে হারার পর দলের কী হল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। শুধু সামাজিক মাধ্যমে পোস্ট করে শহিদ দিবস পালন করার সংস্কৃতি গ্রহণযোগ্য নয়।