'এঁরাই জঙ্গলমহলের মূলবাসী। এঁদের উন্নতির কথা ভাবতে হবে। আমি আজ কুটুম হিসেবে আপনাদের কাছে এসেছি। পাহাড়, জঙ্গলে হাত দিতে দেব না কাউকে।' বাঁকুড়ার বাঁদনা পরবে যোগ দিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি বলেন, 'এখানকার আদিবাসী, মূলবাসীরা প্রকৃতি পুজো করেন। তাঁদের আবেগে আঘাত দিতে আমি দেব না। আমি বলে দিয়ে যাচ্ছি, পুরুলিয়া আর বাঁকুড়ায় পরিবেশবান্ধব শিল্প হবে। দূষণ হবে না। এর জন্য আমরা কীভাবে জমি নেব, সেসব আপনাদের সবার সঙ্গে আলোচনা করে সরকার ঠিক করবে।' বাঁকুড়ার রাইপুরে বাঁধনা পরবে যোগ দিতে এসে ফের জঙ্গলমহলের বঞ্চনার কথা শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে।
বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার ওই সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'জঙ্গলমহল বিগত দিনে বঞ্চিত ছিল, সে বাম আমলে হোক কিংবা তৃনমূল কংগ্রেসের আমলে হোক।' তিনি আরও বলেন, 'মূলবাসীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব প্রত্যাহার করা হবে।' পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের কাজের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
শিল্পের জন্য জমি খুঁজতে পাহাড়, জঙ্গলে কোপ পড়ছে। কিন্তু এভাবে প্রকৃতি নষ্ট করে শিল্পের পরিকল্পনা কোনওভাবেই বরদাস্ত করছে না বর্তমান রাজ্য সরকার। প্রান্তিক এলাকায় উন্নয়নের জন্য শিল্প হবে, তবে তা পরিবেশবান্ধব। বৃহস্পতিবার বাঁকুড়ার রাইপুরে বাঁদনা পরবে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া জঙ্গলমহলের উন্নতির জন্য আরও বাড়তি ৬ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। দুই শিল্পাঞ্চলকে সংযুক্ত করতে দুর্গাপুর-জামশেদপুর জাতীয় সড়কে সম্প্রসারণ ও জঙ্গলমহলের একটি হাসপাতালে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
বাঁদনা পরবে বাঁকুড়ার রাইপুরের বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ মাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে আদিবাসী মহিলারা তাঁকে ফোঁটা দেন, পিঠে খাওয়ান। জঙ্গলমহলের হলুদ কানালি হাসপাতালে ১০০ শয্যায় সম্প্রসারিত করার ঘোষণাও এদিন করেছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি এদিন শুভেন্দু বলেন, ‘১৫ তারিখ আবার আসব পুরুলিয়ায়। এখানকার সব সামাজিক সংগঠনকে এক ছাতার তলায় আনব। বাউড়ি, বাগদি, কুড়মি, রাজবংশীদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসব কীভাবে কী করা যায়। জমি নিয়ে আলোচনা করব। আগেকার সরকার বাউড়ি বনাম বাগদি, কুড়মি বনাম মাহাতো – এভাবে সব ভেদাভেদ করেছিল। ওই বিভাজনের রাজনীতি, তোষণের রাজনীতি আর চলবে না। সবাই এক উন্নয়নের আওতায় থাকবেন। এই সরকার আমার নয়, বিজেপির নয়, এটা আপনাদের সরকার। আপনাদের অধিকার আছে, সেটা আদায় করে নেবেন।'