শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ • রাত ১১:২২
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
বাংলার রাজনীতি

Abhishek Banerjee: ভবানীপুর থানায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ অভিষেককে, বেরিয়ে এসে বললেন ‘মিথ্যে মামলায় হেনস্থা করা হচ্ছে’

Abhishek Police summon : ভবানীপুর থানায় হাজিরা অভিষেকের, 'মিথ্যে মামলায় হেনস্থা করা হচ্ছে' সাড়ে ৪ ঘন্টা জিজ্ঞাসারাদের পর বেরিয়ে অভিযোগ

Abhishek Banerjee: ভবানীপুর থানায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ অভিষেককে, বেরিয়ে এসে বললেন ‘মিথ্যে মামলায় হেনস্থা করা হচ্ছে’
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

'মিথ্যে মামলায় ডাকা হচ্ছে আমায় ৷ তদন্তের স্বার্থে সবসময় হাজিরা দেব৷ কখনও জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাইনি৷ বিজেপি বাংলা বিরোধী এটাই বলব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করা হচ্ছে। দুর্গাপুজোকেও অপমান করেছে বিজেপি।' শনিবার ভবানীপুর থানায় দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টা পুলিশি জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে এভাবেই বিজেপি এবং পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।‌ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নিজের সোশ্যাল মিডিয়ায় গত ২ মে অসম্মান জনক মন্তব্য সহ পোস্ট করার অভিযোগে শনিবার ভবানীপুর থানায় হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূল সাংসদকে। এবারের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরে বিজেপি সরকার গঠন করার অব্যবহিত পরেই অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর থানায় জ্ঞানেশ কুমারকে অসম্মান জনক মন্তব্য করার অভিযোগে দায়ের হয়েছিল একাধিক এফআইআর এবং তার ভিত্তিতেই শুরু হয় মামলার তদন্ত।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য শনিবার অভিষেককে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ভবানীপুর থানায়। এদিন বেলা সাড়ে 12টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল মমতার তৃণমূল নেতাকে। সময়ের আগেই তিনি থানায় পৌঁছে যান। অভিষেক আজ বেলা বারোটা নাগাদ ভবানীপুর থানায় হাজিরা দেন ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। মূলত অভিষেকের কাছ থেকে যে সকল প্রশ্নের উত্তরগুলি তদন্তকারীরা চাইবেন, তার মধ্যে অন্যতম হল কেন তিনি সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেছেন? অন্যদিকে পুলিশকে হুমকির অভিযোগে গতকাল (শুক্রবার)-ই তাঁর কালীঘাটের বাড়িতে নোটিশ পাঠিয়েছে গিরিশ পার্ক থানা। মাত্র কয়েকদিনের ব্যবধানে জোড়া আইনি পদক্ষেপে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, জ্ঞানেশকে উদ্দেশ্য করে 'বাংলা বিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল' বলে এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেই পোস্ট ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করে গত 27 মে ভবানীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস নামের এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, একজন জনপ্রতিনিধি ও সাংসদের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এর ফলে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে পুলিশ। এই মামলার তদন্তের অংশ হিসেবেই আজ অভিষেককে ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

আজ ভবানীপুর থানায় জিজ্ঞাসাবাদ এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি দেশের আইনকে সম্মান করি এবং যখনই তদন্তকারী সংস্থাগুলি আমাকে ডেকেছে, আমি সব সময় সহযোগিতা করেছি। কোনও দিন কোনও তদন্ত থেকে পালিয়ে যাইনি বা তদন্তকারী আধিকারিকদের সামনে হাজিরা এড়িয়ে যাইনি। শেক্সপিয়র সরণি থানা, সিআইডি, ইডি এবং সিবিআই যখনই আমাকে ডেকেছে, আমি হাজির হয়েছি এবং নিজের সাধ্যমতো তাদের সব প্রশ্নের উত্তর দিয়েছি। নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছিল। অথচ পাঁচ বছর ধরে বিরোধী দলনেতার পদে থাকা সত্ত্বেও তাঁকে একবারও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ, তিনি এখনও হাইকোর্টের রক্ষাকবচ পেয়ে চলেছেন। আর আমার বিরুদ্ধে কিছু না থাকা সত্ত্বেও একের পর এক মিথ্যা মামলায় আমাকে বারবার তলব করা হচ্ছে। তা সত্ত্বেও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং প্রতিটি তদন্তে সহযোগিতা করব।'

বিজেপিকে বাংলা বিরোধী দল এবং গুজরাতি গ্যাং কেন তিনি বলেছিলেন তার ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, 'আমি বারবার বিজেপিকে বাংলা-বিরোধী দল বলেছি এবং আজও সেই বক্তব্যে অনড় রয়েছি। কারণ, বিজেপি নেতাদের মিছিলের সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করা হয়েছিল। বিজেপি নেতারা বাংলা ভাষা এবং আমাদের সাংস্কৃতিক পরিচয়কে অপমান করেছেন। আমি বিজেপিকে বাংলা-বিরোধী বলি, কারণ কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। আবাস যোজনা, একশো দিনের কাজের প্রকল্প এবং গ্রামীণ সড়ক নির্মাণের টাকা আটকে রাখা হয়েছে, অথচ অন্য রাজ্যগুলি তাদের প্রাপ্য টাকা পেয়ে চলেছে। বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বাংলার নারীদের সম্মান এবং দুর্গাপুজোর গুরুত্ব, বিজেপি নেতারা বারবার বাংলার মনীষী, ঐতিহ্য ও সংস্কৃতিকে অপমান করেছেন। সেই কারণেই আমি বিজেপিকে বাংলা-বিরোধী বলে থাকি।

আমি কেন 'গুজরাটি গ্যাং' শব্দটি ব্যবহার করেছিলাম, সেটাও ব্যাখ্যা করেছি। অমিত মালব্যর একটি টুইটের জবাবেই আমি ওই কথা বলেছিলাম। সেই টুইটে তিনি বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছিলেন। আমি জানতে চাই, আজ আমরা যে ভাষায় কথা বলছি, সেটা বাংলা, নাকি বাংলাদেশি? আমার কাছে এটা বাংলা ভাষা। তদন্তকারী আধিকারিকদের কাছেও আমি আমার বক্তব্য স্পষ্ট করে জানিয়েছি।

আর বুলডোজার চালানোর প্রসঙ্গে বলতে চাই, যে জায়গাগুলি ভাঙা হয়েছে, তার মধ্যে একটি পুলিশ শিবির, একটি পুলিশ ফাঁড়ি, এমনকী শহিদ স্মৃতিসৌধও রয়েছে। আমি চাই, সবাই দেখুন, এর ফলে ফুটপাতের কী অবস্থা হয়েছে। আমি বিজেপির কাছে আবেদন জানাচ্ছি, ফুটপাতের ধারে যাঁরা ছোটখাটো ব্যবসা করে সংসার চালান, তাঁদের যেন উচ্ছেদ করা না হয়। তাঁদের প্রতিদিনের রোজগার এবং বেঁচে থাকা এই ছোট ব্যবসাগুলির উপর নির্ভর করে। বুলডোজার চালাতে হলে আমার বাড়ির উপর চালান, কিন্তু গরিব মানুষের রুটিরুজি কেড়ে নেবেন না। রাস্তার ধারে যাঁরা ব্যবসা করেন, যাঁরা প্রতিদিন পরিশ্রম করে পরিবারের মুখে অন্ন তুলে দেন, তাঁদের জীবিকা ধ্বংস করবেন না। বুলডোজার দিয়ে ভয় দেখাতে পারেন, মিথ্যা মামলা দিতে পারেন, বারবার তলব করতে পারেন, কিন্তু আমাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। যখনই ডেকেছে, আমি হাজির হয়েছি, আগামীতেও হব। গত কয়েক বছরে আমি একাধিকবার ইডি ও সিবিআইয়ের সামনে হাজিরা দিয়েছি। সাম্প্রতিক সময়েও বিভিন্ন তদন্তে সহযোগিতা করেছি। কখনও আইনি প্রক্রিয়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিনি। ভবিষ্যতেও যদি আমাকে ডাকা হয়, আমি আবার হাজির হব এবং নিজের সাধ্যমতো তদন্তে সহযোগিতা করব। কারণ, আমার লুকোনোর কিছু নেই এবং কোনও তদন্তকেই আমি ভয় পাই না। আগামী ২০ তারিখেও আমাকে আবার তলব করা হয়েছে বলে জানতে পেরেছি। অন্যান্যবারের মতো সেদিনও আমি হাজির হব। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তদন্তে সবরকম সহযোগিতা করব। আমরা সেই মানুষ নই, যারা হুমকিতে ভয় পেয়ে যায়। আমার বিরুদ্ধে আপনাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করুন, জেলে পাঠান, আমার মুখ বন্ধ করার চেষ্টা করুন, কিন্তু মনে রাখবেন, কারও সামনে আমার মাথা নত হবে না। আমাকে নিশানা করতে সমস্ত প্রতিষ্ঠান এবং যত রকমের উপায় আছে, সব ব্যবহার করতে পারেন। কিন্তু আমি লড়াই চালিয়ে যাব, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকব। কোনও ভয়, হুমকি বা রাজনৈতিক চাপের কাছে কখনও মাথা নত করব না।'