হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বনির্ভর করার ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেল দুর্গাপুর। আর দুর্গাপুরের জন্য বাংলার মুকুটে উঠল পিএম স্বনিধি সম্মান। শুক্রবার নয়াদিল্লির ড. আম্বেদকর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই পুরস্কার গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জাতীয় পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন অগ্নিমিত্রা। ছত্তিশগড় বা সিকিমের মতো রাজ্যগুলি নিয়মিত কেন্দ্রীয় পুরস্কার পায়। এ বার সেই তালিকায় জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গও। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'পশ্চিমবঙ্গ সেই লাইনে এখন এসেছে। আমরা ক'দিন আগে রাষ্ট্রপতির কাছ থেকে স্বচ্ছতার উপর পুরস্কার পেয়েছিলাম তারকেশ্বরের জন্য। আজকে আমরা পিএম স্বনিধি যে পুরস্কার, সেটা দুর্গাপুরের জন্য পাচ্ছি।'
হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বনির্ভর করতেই কেন্দ্রের এই পিএম স্বনিধি প্রকল্প। যাঁদের স্থায়ী দোকান নেই, যেমন রাস্তার ধারে জামাকাপড় বিক্রেতা, জুতো সেলাইয়ের কারিগর, নাপিত বা ফুচকা বিক্রেতা, মূলত তাঁদের জন্যই এই ঋণের ব্যবস্থা। প্রকল্পের আওতায় প্রথমে 15 হাজার টাকা ঋণ মেলে। এক বছরের মধ্যে সেই টাকা শোধ করলে পরের ধাপে 25 হাজার টাকা পাওয়া যায়।
আর সেই ঋণ 18 মাসের মধ্যে মেটাতে পারলে 50 হাজার টাকা পর্যন্ত ঋণ মেলে। এই টাকা দিয়ে ব্যবসায়ীরা নিজেদের দোকান সাজানো থেকে শুরু করে কাজের সরঞ্জাম কেনা - সবই করতে পারেন। এদিন দিল্লির অনুষ্ঠান থেকে রাজ্যের পূর্বতন সরকারকে নিশানা করেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, দীর্ঘ দেড় দশক বাংলার হকাররা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। পুরমন্ত্রী বলেন, 'শেষ 15 বছর সেই সরকার তো কেন্দ্র সরকারের কোনও প্রকল্পই চালু করতে দেয়নি বা সেভাবে উৎসাহ দেখাননি। কিন্তু এখন নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার, আপনাদের সরকার আসার পর আমরা এই পিএম স্বনিধি প্রকল্প প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটা কর্পোরেশনে নিয়ে যেতে চাই। পশ্চিমবঙ্গের এই সাফল্য আমাদের আরও বেশি হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করে তাঁদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।'
পাশাপাশিই আগামী দিনে খাদ্য বিক্রেতাদের হাতে আধুনিক ই-কার্ট তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পুরমন্ত্রীর আশ্বাস, 'খাবার যাঁরা বিক্রি করছেন, তাঁদের জন্য সুন্দর একটা ই-কার্ট আমরা নিয়ে আসব। তাঁদেরকে সম্মানের সঙ্গে, গর্ব করে তাঁদের নিজেদের যে দ্রব্য তাঁরা যাতে বিক্রি করতে পারেন, আমরা সেই চেষ্টা করব।'