বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • সকাল ৭:১১
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
পশ্চিমবঙ্গ

ধনঞ্জয়ের পর ফের ফাঁসির সাজা কলকাতা হাই কোর্টের, হুগলিতে শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় বড় রায়

ধনঞ্জয়ের পরে ফের ফাঁসির সাজা কলকাতা হাইকোর্টের, হুগলিতে শিশু কন্যাকে খুন ও ধর্ষণের মামলায় ফাঁসির সাজা হাইকোর্টের

ধনঞ্জয়ের পর ফের ফাঁসির সাজা কলকাতা হাই কোর্টের, হুগলিতে শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় বড় রায়
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

১৯৯২ সালের পরে ২০২৬ সাল। দীর্ঘ ৩৪ বছর পরে ফের ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজা শোনালো কলকাতা হাইকোর্ট। ১৯৯২ সালের আগস্ট মাসে হেতাল পারেখকে ধর্ষণ করে হত্যার অভিযোগে সঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসির সাজা শুনিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই ফাঁসি কার্যকর হয়েছিল ২০০৪ সালের ১৪ আগস্ট। এবারে হুগলির এক নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে আবার ফাঁসির সাজা শুনিয়ে কলম ভাঙলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া ফাঁসির সাজা বহাল রাখার পরে সরকারি আইনজীবী জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই ফাঁসির সাজা বহাল রাখার জন্য লড়াই চালিয়ে গিয়েছিল রাজ্য সরকার। তার ফল স্বরূপ হুগলির নাবালিকা ধর্ষণ ও হত্যাকান্ডে মূল অভিযুক্ত অশোক সিংয়ের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ও অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে নিহত নাবালিকার পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের অংক ১০ লক্ষ টাকা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কী ঘটেছিল

২০২৪ সালের ২৪ নভেম্বর সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল পাঁচ বছরের ওই শিশু। বাজারে যাওয়ার সময় তাকে খেলা করতে দেখেছিলেন বাবা। ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ডাকেন প্রতিবেশীদেরও। সকলে মিলে এলাকায় খোঁজাখুঁজি করতে গিয়েই অশোক সিংয়ের বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল। অশোক সিং তাদেরই প্রতিবেশী। এর পরেই অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। পরে অশোক সিংকে গ্রেফতার করে পুলিশ। তাকে দোষী সাব্যস্ত করেছিলেন নিম্ন আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। সঙ্গে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। শিশুটির ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছিল ভয়ঙ্কর তথ্য। ধর্ষণের পর বারবার দেওয়ালে আছড়ে মেরে খুন করা হয়েছিল ওই শিশুকে। তারপর অশোক খাটের নীচে ডাঁই করে রাখা কাঠের তক্তার মাঝে লুকিয়ে রাখে রক্তাক্ত দেহ! এই নৃশংসতায় স্তম্ভিত হয়ে যায় আদালতও।

এই রায় নিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী নিজেকে আমাকে দায়িত্ব দেন, বলেন, একটা বার্তা সমাজে দিতে হবে। এরকম যেন মানুষের কাছে বার্তা যায়, মহিলাদের সঙ্গে অপরাধ করে পার পাওয়া যাবে না। বা আদালতে গেলে জামিনও পেয়ে যাবে। আমরা মামলাটি করি। গত জমানাতেই মামলার শুনানি হয়েছিল। তারপর আবার মামলাটি ধরে। আড়াই দিনের টানা মামলার পরে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সাজা বহাল রেখেছে।

বাংলায় শেষ ফাঁসি কার্যকর ২২ বছর আগে

পশ্চিমবঙ্গে গত ১০৬ মাসের মধ্যে খুন ও ধর্ষণের অভিযোগে এই নিয়ে ৫৬ ফাঁসির সাজা হলেও এখনো পর্যন্ত কার্যকর হয়নি একটিও। উল্টে অনেক ফাঁসির আসামী খালাস পেয়ে গেছে হাইকোর্ট থেকে। বর্তমানে ১১ ফাঁসির ভাগ্য ঝুলে হাইকোর্টে। হেতাল পারেখ খুনে ২০০৪ সালের ১৪ আগস্ট ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের পর কোনও ফাঁসি কার্যকর হয়নি রাজ্যে। হাইকোর্টের ফাঁসির নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পৌঁছায়নি কোনও মামলা। দেখা গিয়েছে, উল্টে ফাঁসির সাজা মুকুব হয়ে হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন অনেকে। অনেকের সাজা কমে গেছে। কামদুনির মতন স্পর্শকাতর মামলায় ফাঁসি রদ হয়েছে। হয় তদন্তে ফাঁকফোকর না হলে বিচারপ্রক্রিয়ার সময়কালে সঠিকভাবে উপস্থাপনের খামতি। এই দুইয়ের মিশেলে খুন ধর্ষণের ঘটনায় হাইকোর্ট থেকে বেঁচে যাচ্ছে আসামীরা। এই ছবিটার আমূল বদল চাইছে নতুন সরকার। এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী।

এনকাউন্টারের পরিবর্তে ফাঁসির সাজা স্বাগত বিরোধীদের

শিশু কন্যাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় কলকাতা হাইকোর্ট এইভাবে মূল অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণার পরে সেই রায়কে স্বাগত জানিয়েছে বিরোধী তৃণমূল ও সিপিএম। মমতা তৃণমূলের বিধায়ক কুনাল ঘোষ বলেন, আমাদের বিচার ব্যবস্থায় চরম শাস্তি হিসেবে ফাঁসির সাজা রয়েছে। সরকার সেভাবে অভিযুক্তদের সাজা দিক। কিন্তু এনকাউন্টার কখনো সমাধান হতে পারে না। অন্যদিকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ওরা গেছিল হাইকোর্টে, হাইকোর্টে ফাঁসির সাজার কথা বলেছে। যাই মনোভাব থাকুক, হাইকোর্ট সেই বিচারের কথা শুনিয়েছে, তাহলে কি হাইকোর্টের এই বিচারটাকে খারিজ করে দিয়ে এখন এনকাউন্টার চলে যাবে সরকার? হয় কোনওদিন? যদি আমাদের আইনের বিচারে কঠিন এবং কঠিনতর শাস্তির প্রভিশন আছে, বিচারের মধ্যে দিয়ে হবে। বিচার ব্যবস্থা বলেছে, তারপরে সুপ্রিম কোর্টে যদি যায় যাবে, যেমন পদ্ধতি আছে আছে।