'বাংলাদেশ থেকে অবৈধ ভাবে রাজ্যে ঢোকা বাংলাদেশি মুসলমানদের খুঁজে খুঁজে বার করতে হবে।' রাস পূর্ণিমা উপলক্ষে কোচবিহার সফরে গিয়ে এভাবেই কোচবিহারের জেলা পুলিশ সুপার মণীশ জোশীকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাসমেলা উপলক্ষে কোচবিহার সফরে যান শুভেন্দু। মুখ্যমন্ত্রী সঙ্গে গৌরীমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বেশ কয়েক জন মন্ত্রী এবং বিজেপি বিধায়কেরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে সর্বস্তরে পৌঁছোয়, তা দেখার জন্য তাঁদের দায়িত্ব দেন শুভেন্দু। কোচবিহারের ‘গ্রামকে নগর এবং নগরকে মহানগর’ করার লক্ষ্য নিয়ে তাঁর সরকার এগোবে বলে ঘোষণা করেন তিনি। তার পর ওই জেলার সীমান্ত এলাকার সুরক্ষার স্বার্থে বিএসএফের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও নিবিড় করার নির্দেশ দেন। তিনি জানান, মুসলমান অনুপ্রবেশকারীদের এ রাজ্যে স্থান নেই। তাঁদের নিজেদের দেশে ফিরতেই হবে। তবে হিন্দু ধর্মাবলম্বী যাঁরা ও পার থেকে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন, শরণার্থী। আইপিএস জোশীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশ সুপার শুনে রাখুন, এই জেলাতে বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে বার করতে হবে। তাড়াতে হবে। যে হিন্দুরা এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন। তাঁরা শরণার্থী। তাঁরা ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য এসেছেন। তাঁদেরকে আশ্রয় দিতে হবে।’
কোচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলার উদ্বোধনে গিয়ে অতীতের বর্গা আইনের প্রসঙ্গ টেনে বিগত সিপিএম সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ভূমি সংস্কারের নামে তৎকালীন বামফ্রন্ট সরকার স্থানীয় মূলবাসীদের জমি কেড়ে নিয়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়ার কাজ করেছিল। উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যায় রাজবংশী সমাজের বিশিষ্টজনদের সঙ্গে এক বিশেষ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
ওই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজবংশী সমাজের বিভিন্ন স্তরের নেতৃত্ব, বিশিষ্ট লেখক, চিকিৎসক, বুদ্ধিজীবী, বিভিন্ন সময়ে আন্দোলনে যুক্ত থাকা কর্মী এবং ওই সমাজ থেকে উঠে আসা বর্তমান জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের সবার সঙ্গে দীর্ঘ আলোচনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজবংশী সমাজের জমি বেহাত হওয়ার প্রসঙ্গটি সামনে আনেন। সাংবাদিকদের সামনে অভিযোগের সুরে তিনি বলেন, রাজবংশী সমাজের মানুষদের অধিকাংশ জমিই অতীতে বেহাত হয়ে গিয়েছে এবং এর জন্য মূলত সিপিএম-ই দায়ী।
মুখ্যমন্ত্রীর দাবি, বর্গা আইনে ভূমি সংস্কার আইন কার্যকর করতে গিয়ে মূলবাসীদের জমি কাড়িয়ে নেওয়া হয়েছিল এবং বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে প্রচুর জমি তুলে দেওয়ার কাজ করেছিল সিপিএম।
সিপিএমকেই দায়ী করে শুভেন্দু অধিকারী বলেন, 'তারা বর্গা, ভূমি সংস্কার আইন কার্যকর করতে গিয়ে মূলবাসীদের জমি কেড়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়ার কাজ করেছে। এখন তো সেগুলি ঠিক করা যাবে না। কিন্তু পরবর্তী সময়ে যা করার অবশ্যই করব।' বলে রাখা প্রয়োজন, বাংলা, ঝাড়খন্ড-সহ একাধিক সময়ে প্রচার কিংবা সভায় ল্যান্ড জিহাদ নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় জনবিন্যাস বদল নিয়েও সুর চড়িয়েছেন তিনি। এবার কার্যত সেই ‘ল্যান্ড জিহাদে’র বিষয়টিই মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'রাজবংশী ভাষা অষ্টম তফশিলি অন্তভক্তকরণ-সহ সংকল্পপত্রে যা বলা হয়েছে সবটাই করা হবে। এজন্য গত ১৯ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিবের সঙ্গেই বিষয়টি নিয়ে চর্চা হয়েছে।'
রাজবংশী সমাজের প্রতি বর্তমান সরকারের দায়বদ্ধতা এবং অতীতের সরকারগুলির বঞ্চনার তুলনাও টানেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, সমগ্র রাষ্ট্রবাদীদের সঙ্গে তাল মিলিয়ে রাজবংশী সমাজ ২০১৯ সাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির ওপর অটুট আস্থা রেখে চলেছে। রাজবংশী সমাজের নিজস্ব ভাষা, তাঁদের সমৃদ্ধ সংস্কৃতি, আর্থিক সুরক্ষা এবং রাজনৈতিক অংশীদারিত্ব—এই প্রতিটি ক্ষেত্রেই বর্তমান সরকার অত্যন্ত যত্নবান বলে দাবি করেন তিনি। রাজনৈতিক প্রতিনিধিত্বের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান রাজ্য মন্ত্রিসভায় রাজবংশী সমাজের যতজন প্রতিনিধিকে জায়গা দেওয়া হয়েছে, বিগত দিনে সিপিএম কিংবা তৃণমূল কংগ্রেস সরকার কোনওদিনই এত সংখ্যক প্রতিনিধি মন্ত্রিসভায় রাখেনি।